বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় কাগজের কাটুন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টায় সিও অফিস বাসট্যান্ড এলাকায়।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সে এর সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু বগুড়াগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৫৪০) ধাক্কা দেয়।
এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষনিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। সে উপজেলা সদরের পূর্ব আলোহালী গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
এদিকে স্থানীয় জনগণ ট্রাকটিসহ ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দসহ ড্রাইভার আব্দুল করিম (২৪) কে আটক করা হয়েছে। এ সংক্রান্তে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189726