শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী

আজ ৩ নভেম্বর বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। যদিও তিন বছর হয়ে গেল প্রিয়দর্শিনী ঢাকায় নেই। কিন্তু তার জন্মদিনে ঢাকা এবং ঢাকার বাইরে তার ফ্যানক্লাবের বিশেষ বিশেষ আয়োজন থাকে। শুধু তাই নয়, তার স্বামী ওমরসানীরও বিশেষ চমক থাকে মৌসুমীর জন্মদিনকে ঘিরে। খোঁজ নিয়ে জানা গেল, মৌসুমীর জন্মদিনে অর্থাৎ আজ বিকেলে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’র উদ্যোগে বিশেষভাবে দিনটি উদযাপন করা হবে। এ প্রসঙ্গে ওমরসানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে বলেছে যেন আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যেন বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং এর পাশাপাশি আমি আরেকটা কাজও করছি সেটা আসলে কেউ জানুক তা চাইনা। কারণ সেটা জানানোর জন্য করছি না। আমি মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা করা হচ্ছে সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে থাকবো। ব্যস, এতোটুকুই।’ যুক্তরাষ্ট্র থেকে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার। আম্মু, আমার মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করবো। ঘরোয়া আয়োজনের মধ্যদিয়েই সময় কাটবে, নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করবো। ব্যস, এইতো। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তাছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে কোনো কিছু করার কোনো রীতি নেই। এই সময়ে এসে সেটা আরো একটু মেনে চলার চেষ্টা করি আর কী। তারপরেও দেখা যায় যে ঢাকায় সানী নানা কিছু করে, আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ফ্যানরা অনেক কিছু করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, ভালোই লাগে। ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিম খানায় খাওয়া দাওয়া করাতেন। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের সহযাগিতা করতেন। কিন্তু বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে অনাগ্রহ ছিল তার। আবার আম্মু অনেক রান্না বান্না করতেন, আত্নীয় স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন আম্মু। সেই সময়টা আসলে মিস করি খুব।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রয়াত সোহানুর রহমান সোহোনের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। তবে এর আগে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছিলেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় তার নায়ক ছিলেন অমর নায়ক সালমান শাহ।

সালমান শাহ’র সঙ্গে পরে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেন। তবে সেই সময়েই মৌসুমী ওমর সানীর বিপরীতে অভিনয় করেও তুমুল আলোচনায় ছিলেন। মৌসুমী ওমরসানী অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমা হচ্ছে ‘দোলা’, ‘আত্নঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামী’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’, ‘রঙ্গিন রংবাজ’ ইত্যাদি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189719