মাগুরায় মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় হাসান মেম্বারের বাড়ির সামনে নদীতে মরদেহটি ভেসে আসে। পরে কাশিপুর এলাকায় নদীর তীরে আটকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির পরনে একটি ব্লাউজ ও কয়েকটি পেটিকোট ছিল। গলায় ছিল তুলসীর মালা। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কেউই মরদেহটি দেখে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি।
স্থানীয়দের ধারণা, মধুমতী নদীর স্রোতে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসে মহম্মদপুরে পৌঁছেছে। তবে এটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189687