বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আগ্রহদের কমতি নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য নিবন্ধনের সময়সীমা বাকি রয়েছে এখনও তিন সপ্তাহের কিছু কম। এর মধ্যেই বিশ্বের ১৯৩টি দেশ থেকে আবেদন জমা পড়েছে ১২ কোটি।

আইসিসির তথ্যমতে, এই ১২ কোটি টিকিটের জন্য আবেদন করেছেন ১৯৩ দেশের ২৮ লাখ ভক্ত। ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষ ওয়ানডে বিশ্বকাপ। এখন পর্যন্ত ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে বোঝা যাচ্ছে, শুধু আকর্ষণীয় বা বড় ম্যাচ নয়, টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া এই আসরে অংশ নেবে ১৪ দল। তিন দেশের ১২ শহরে আসরের মোট ম্যাচ হবে ৫৭টি। ক্রিকেটের পাশাপাশি তিন দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।

টিকিটের লটারিতে নিবন্ধনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন। বিশ্বকাপের সবচেয়ে আকাক্সিক্ষত ম্যাচ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। সেই ম্যাচের টিকিট পেতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়বে এটাই স্বাভাবিক। আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই ভেন্যুতে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের জন্য আবেদন পড়েছে ৭৯ লাখ ৯০ হাজার ৯৪৪টি। আবেদনের সংখ্যাই প্রমাণ করে দিচ্ছে, ফাইনালের চেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের জন্য আবেদন প্রায় ২ কোটি ৬০ লাখ। এই ১১ ম্যাচের মধ্যে আগে থেকে নির্ধারিত সুপার সেভেন পর্বের ম্যাচগুলোও রয়েছে। জিম্বাবুয়েতে টিকিটের আবেদন ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। দেশটির ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪ অক্টোবর ভারত-জিম্বাবুয়ে ম্যাচের জন্যই আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

অন্যদিকে, নামিবিয়ার উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য টিকিট চেয়েছেন ২০ লাখের বেশি দর্শক। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের জন্য আবেদন প্রায় ৯ লাখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189684