ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী।
সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার হয়তো পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, এটি বড় কোনো বিষয় নয়। চাইলে এক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো সম্ভব। আগের হামলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, আলোচনার ক্ষেত্রে ইরান সুবিধাজনক অবস্থানে নেই। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ বলতে চান না ট্রাম্প। তার ভাষায়, এটি ‘খুবই সীমিত সংঘাত’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন বিমানের ওপর ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতেও সাম্প্রতিক কিছু অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে পৃথক অভিযানে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত এবং আরও দুটি ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সূত্র : শাফাক নিউজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189682