সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও প্রধানমন্ত্রী থাকতে চায় নেতানিয়াহু

সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও প্রধানমন্ত্রী থাকতে চায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আরব দলগুলোকে বাদ দিয়ে নিজের নেতৃত্বে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহের নির্বাচনে তার দল লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো জোট। এদিকে বিরোধী দলগুলো পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে গাদি আইজেনকটের নাম প্রেসিডেন্টের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, নেতানিয়াহু আরব দলগুলোকে বাদ দিয়ে তার নিজের নেতৃত্বে একটি বৃহৎ জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, পার্লামেন্টে তার দল লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়ায় পরবর্তী সরকারও তার নেতৃত্বেই গঠন করা উচিত। সোমবার (২ নভেম্বর) রাতে লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলে, আমরা আমাদের মিত্রদের সঙ্গে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না—এমন যেকোনো দলকে নিয়ে একটি বৃহৎ সরকার গঠন করতে চাই। বৃহৎ সরকার গঠনের বিষয়ে আলোচনায় সে আগ্রহী বলে জানায় নেতানিয়াহু। তবে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রাখার ওপর জোর দেয় সে। নেতানিয়াহু বলে, আমাদের মিত্রদের সঙ্গে এবং যারা সরকারে যোগ দিতে চায় ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না, এমন যেকোনো দলকে নিয়ে বৃহৎ সরকার গঠন করতে চায় লিকুদ।

ইসরায়েলের জনগণ রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল সরকার চায় না বলেও দাবি করে নেতানিয়াহু। এই দুই দল পার্লামেন্টে আরব দল হিসেবে পরিচিত। সে বলে, প্রথম দিন থেকেই একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনের পরও প্রধানমন্ত্রী পদে থাকার পক্ষে জনসমর্থন রয়েছে বলে দাবি করে নেতানিয়াহু। তার ভাষ্য, ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে সবচেয়ে বড় দল হিসেবে এবং পরবর্তী সরকার পরিচালনার জন্য আমাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ইয়াশার দলের নেতা গাদি আইজেনকটের নাম সুপারিশ করবে। বিরোধী দলগুলোর সমর্থনে আইজেনকটের পক্ষে এখন ৪৮ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। পার্লামেন্টের দুই আরব দলও আইজেনকটের নাম সুপারিশ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ১২০ সদস্যের নেসেটে তার সমর্থন বেড়ে ৬৭ জনে দাঁড়াতে পারে।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন। ফলে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে প্রেসিডেন্টের কাছে কোনো আইনপ্রণেতার নাম সুপারিশ করলেই যে সরকার গঠন নিশ্চিত হবে, তা নয়। লিবারম্যান আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করে কিংবা তাদের পার্লামেন্টের সমর্থনের ওপর নির্ভর করে কোনো সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
আগামী বুধবার থেকে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে দুই দিনের আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট হারজগ। এরপর সে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে একজন আইনপ্রণেতাকে বেছে নেবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189669