পঞ্চগড়ের বোদায় বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ, ২ যুবকের লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ, ২ যুবকের লাখ টাকা জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এসময় হাতেনাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদীতে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলো- উপজেলার ভাসাইনগর এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের প্রস্তুতিকালে বালুভর্তি দুটি ট্রাক্টরসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রেজাউল করিম ও হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় বোদা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189631