পাবনার বেড়ায় অর্ধশত গ্যাসের রাইজার চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী

পাবনার বেড়ায় অর্ধশত গ্যাসের রাইজার চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকায় আবাসিক গ্যাসের রাইজার চুরি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন গ্রাহকেরা। গত তিন মাসে পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে প্রায় ৫০টি গ্যাসের রাইজার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকাতে এখন নিজেরাই রাইজারের চারপাশে লোহার খাঁচা তৈরি করে তালা লাগাচ্ছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই থেকে তিন মাসে পৌরসভার শাহপাড়া, দক্ষিণ কর্মকারপাড়া, হাতিগাড়া, সম্ভুপুর, নতুনপাড়াসহ বিভিন্ন মহল্লায় রাইজার চুরির ঘটনা ঘটেছে। বাসাবাড়ির বাইরে স্থাপন করা এসব রাইজার চোরদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে।

পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা যায়, কোথাও লোহার রড দিয়ে খাঁচার মতো বেষ্টনী তৈরি করে ভেতরে রাইজার রেখে তালা লাগানো হয়েছে। আবার কোথাও ইট, সিমেন্ট ও বালু দিয়ে রাইজার ঢেকে তার ওপর রং করে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেখে যাতে রাইজারের অবস্থান সহজে বোঝা না যায়, সে চেষ্টাও করছেন কেউ কেউ।

গ্রাহকরা জানান, রাত ৯টার পর বেড়া পৌর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চোরদের রাইজার চুরি করে পালানো সহজ হচ্ছে। এ কারণে চুরি ঠেকাতে বাধ্য হয়েই তারা রাইজারের চারপাশে লোহার খাঁচা তৈরি করে তালা লাগানোসহ নানা নিরাপত্তাব্যবস্থা নিচ্ছেন। এতে একদিকে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে এসব ব্যবস্থায় চুরি পুরোপুরি বন্ধ হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। এছাড়া রাইজার চুরি করতে গিয়ে গ্যাসের সংযোগ ক্ষতিগ্রস্ত হলে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

এলাকাবাসী জানান, শুধু গ্রাহকদের ব্যক্তিগত উদ্যোগে রাইজার সুরক্ষিত রাখলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগও চান তারা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নয়ন কুমার সরকার বলেন, গ্যাসের রাইজার চুরির বিষয়টি অবগত আছি। এ ধরণের চুরি প্রতিরোধে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। আগের তুলনায় চুরির ঘটনা কমেছে। চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আঞ্চলিক পরিচালক মো. রেজাউল করিম বলেন, এখানে যোগদান করেছি মাত্র দুই মাস হলো। এ পর্যন্ত আটটি গ্যাসের রাইজার চুরির ঘটনা জানতে পেরেছি। এসব চুরির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন ভাঙারির দোকানে অভিযান চালানো হয়েছে। রাইজার চুরি প্রতিরোধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189629