নীলফামারীর ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি বিনষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলার শুটিবাড়ি বাজারে পচে দুর্গন্ধ ছড়ানো ১৬০ কেজি চিংড়ি মাছ জব্দের পর বিনষ্টের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মাছের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি। পচা মাছগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় একটি মিনি পেট্রোল পাম্প এবং সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে উপজেলার শুটিবাড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাজারে বিক্রির জন্য রাখা খাওয়ার অনুপযোগী ১৬০ কেজি চিংড়ি মাছ ভ্রাম্যমাণ আদালত বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। এসব মাছ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে আনা হয়েছিল। পচা মাছ বাজারজাত করা হলে তা ভোক্তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারত।
অভিযান চলাকালে রাজু মিনি পেট্রোল পাম্পের বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুটিবাড়ি ইউনিয়ন পরিষদ মার্কেটের মনি হার্ডওয়্যার স্টোরের পাইপ সড়কে রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189625