বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ নাজমুল শেখ (২৫) নামের আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল শেখ সিরাজগঞ্জ জেলার রানীগ্রাম হার্ড পয়েন্ট এলকার মৃত আলম শেখের ছেলে। তার বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার গটিয়ার চর এলাকায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর দুপুর সোয়া ৩টার দিকে শাজাহানপুর উপজেলাধীন লতিফপুর এলাকার বাসিন্দা বজলুর রশিদ (৫৬) তার ব্যবহৃত মোটরসাইকেলটি কিছু সময়ের জন্য বাসার পাশে রাখেন। সুযোগ বুঝে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এঘটনায় বজলুর রশিদ আজ সোমবার (২ নভেম্বর) শাজাহানপুর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল চন্দ্র দেবনাথ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অল্প সময়ের মধ্যে চোরের অবস্থান শনাক্ত করেন এবং অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানার সামনে থেকে চোর নাজমুল শেখকে গ্রেফতার করেন এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত নাজমুল শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189599