ঝিনাইদহের শৈলকুপায় জমির সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় জমির সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশকিছু বাড়িঘর ও দোকানপাট।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার দিঘলগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ওই গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে কাশেমের সমর্থক লতিফের সঙ্গে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট।

এ বিষয়ে কাশেম উদ্দীন বলেন, সকালে আমার সমর্থক লতিফ তার জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির ওপর দিয়ে পাইপ পাড়তে গেলে কথা কাটাকাটি হয়। পরে শাহিন ও তার ছেলেসহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা করেছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে।

এ ব্যাপারে মাহাতাব উদ্দীন বলেন, আমি বাড়িতে ছিলাম না। পরে বাড়ি এসে দেখি মারামারি হয়েছে। মাঠে পানির পাইপ পাড়া নিয়ে এই মারামারির ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ( কর্মকর্তা) হুমায়ন কবির মোল্লা বলেন,  মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189566