বগুড়ায় জাতীয় যুব দিবস পালিত : প্রশিক্ষিত যুবকদের বিদেশে কর্মসংস্থানে অগ্রাধিকারের আশ্বাস

বগুড়ায় জাতীয় যুব দিবস পালিত : প্রশিক্ষিত যুবকদের বিদেশে কর্মসংস্থানে অগ্রাধিকারের আশ্বাস

শহর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার (১ নভেম্বর) তিনমাথা রেলগেট এলাকার আঞ্চলিক যুব কেন্দ্র থেকে র‌্যলি বের হয়। অতিথিরা ব্যানার, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন এবং আঞ্চলিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের চত্বরে স্মারক নিমগাছ রোপণ করেন।

উদ্বোধন শেষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা এবং আলোচনা সভা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত ও আত্মনির্ভর করতে উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। তার অভিযোগ, আগের সরকারের সময় যুবকদের পিছিয়ে দিতে সীমান্ত দিয়ে সহজে মাদক ঢুকতে দেওয়া হয়েছে।

তিনি যুবকদের দক্ষতার মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে এবং নিজ এলাকার সম্ভাবনা খুঁজে বের করে আশপাশের আরও ১০ জনের কর্মসংস্থানের চেষ্টা করতে বলেন। নদী খনন, নাব্যতা ফেরানো ও মাছ চাষে যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তার দাবি, বিরোধীরা এআইসহ প্রযুক্তির অপব্যবহার করে সরকারের উন্নয়ন নিয়ে অপতথ্য ছড়াচ্ছে; এটি রুখতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে দল-মত-নির্বিশেষে যুবকদের জন্য কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন।

আঞ্চলিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদার জেলা-উপজেলায় চলমান ও সমাপ্ত প্রশিক্ষণের তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাষ্ট্রপতির জাতীয় পুরস্কারপ্রাপ্ত সারা দেশের ১৩ জনের মধ্যে দুজন বগুড়ার: সংগঠক বিভাগে এস এম রবিউল ইসলাম ও উদ্যোক্তা বিভাগে সামিউল ইসলাম।

ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত আতিকুল ইসলাম বিপ্লব, শেরপুরের ভার্মিকম্পোস্ট উৎপাদক সুরাইয়া ফারহানা রেশমা, জাতীয় যুব পরিষদের জেলা সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম আকিব, সফল ফ্রিল্যান্সার-উদ্যোক্তা রিপন কুমার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশও বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সফল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189492