রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর লালবাগের শহীদনগরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে বিপ্লব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
 
আজ রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালাহ জামে মসজিদ রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতের বাবা-মা দুজনই বহু আগে মারা গেছেন। তিনি ছোটবেলা থেকেই আপন খালা ও খালুর কাছে বেড়ে ওঠেন। তার খালুর নাম নজরুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে লালবাগের শহীদনগর এলাকাতেই বসবাস করতেন।
ঘটনার বিবরণ দিয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া জানান, দুপুর ২টার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
 
তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, বিপ্লব বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করতেন, তবে তার সুনির্দিষ্ট কোনো পেশার তথ্য এখনো পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189469