মিতালী আবাসিক প্রকল্পের প্লট মালিকরা প্রতিকার ও ন্যায়বিচার চেয়েছেন
জাল দলিল ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবিতে তুরাগ থানার ধউর ও গ্রাম ভাটুলিয়ায় মিতালী আবাসিক প্রকল্পের প্লট মালিকদের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. তৈয়ব আলী সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহেদ মাসুক ও আলতাফ হোসেন প্রমুখ। বক্তব্যে তারা বলেন, সম্প্রতি জাল কাগজপত্র তৈরি করে ভুয়া মালিকানা বানিয়ে এবং অসাধু চক্রের মাধ্যমে নামজারি বাতিল করে সাধারণ মানুষের সম্পত্তি দখলে কিছু দুর্বৃত্তের কর্মকান্ডে জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব অপরাধমূলক কর্মকান্ডের ফলে অনেক নিরীহ মানুষ চরম আর্থিক ক্ষতি, মানসিক হয়রানি ও দীর্ঘদিনের জটিল আইনি প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছেন।
তারা এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি অফিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের প্রতি কঠোর পদক্ষেপ ও ন্যায়বিচারের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তারা বলেন, জাল দলিল ও ভূমি দখল সংক্রান্ত প্রতিটি অভিযোগ যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। একই সঙ্গে প্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। জমির প্রকৃত মালিকদের মালিকানা ও দখলসংক্রান্ত অধিকার সুরক্ষা, ভূমির নথিপত্র যাচাইয়ে স্বচ্ছতা এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করা জরুরী প্রয়োজন। সংবাদ সম্মেলনে তারা বলেন, স্থানীয় একটি ভূমি দস্যু গ্রুপ এসব জালিয়াতি চক্রের মূল হোতা।
তাদের অপতৎপরতার আদালতে মামলা দিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না। রাতের আঁধারে ভূমি দখল করে ও জাল দলিল সৃজন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। মিতালী আবাসিক প্রকল্পের প্লট মালিকরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189465