জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত ৭
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুরে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে রাশেদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও সাতজন আহত হয়েছেন।
গতকাল শনিবার উপজেলার কাঁঠালবাড়ী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মৌকুড়ি গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মৌকুড়ি গ্রাম থেকে শফিকুল ইসলাম মা রাশেদা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় করে নওগাঁর পাহাড়পুরে যাচ্ছিলেন।
পথে আক্কেলপুরের কাঁঠালবাড়ী ব্রিজের পাশে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাশেদা বেগমসহ আটজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য সাতজন স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আক্কেলপুর থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি সনাক্ত ও চালককে আটকে পুলিশি অভিযান চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189456