পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি গ্রেফতার
পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- আতাইকুলা থানার ধর্মগ্রামের আবুল কাশেমের ছেলে মো. মুসা(২৬)।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রাণী সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি দল পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মুসাকে গ্রেফতার করে। সে মামলার এজাহার নামীয় সন্দেহভাজন ৯নং আসামি।
গ্রেফতারকৃত মুসার কাছ থেকে হত্যা সম্পর্কে কোন তথ্য জানা গেছে কিনা এ প্রসঙ্গে এসআরবি জানায়, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শনিবার বিকেল চারটায় নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদি হয়ে জোড়া খুনের ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন। আতাইকুলা থানার পরিদর্শক(তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, মামলার এজাহারে ১৫ জনকে সন্দেহভাজন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় তাদের উপরগুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189437