স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করেন সাকিল। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৯ মে দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মামলা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ‌‘ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189417