রবিবার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
রবিবার নতুন বেতনকাঠামোয় তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার।
তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে না পারায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাচ্ছেন না। তাদের আপাতত পুরোনো কাঠামোয় বেতন দেওয়া হবে।
পরে বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।
অর্থ বিভাগের সূত্র বলছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে অনেকে এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি।
গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা ও পদোন্নতির পর আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস এর জটিলতা।
এসব সমস্যা সমাধানে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এখনো এসব আবেদনের সুরাহা হয়নি। ফলে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা-কর্মচারীকে আপাতত পুরোনো কাঠামোয় বেতন নিতে হতে পারে।
অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাশোনার ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সমস্যাগুলো সমাধানে কাজ চলছে। এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও নেওয়া হচ্ছে।
বেতন নির্ধারণে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম
জাতীয় বেতনকাঠামো ২০২৬ অনুযায়ী, ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিক বেতনে ১১তম গ্রেডের কর্মচারীরা ১২তম গ্রেডের কর্মচারীদের চেয়ে ৭০০ টাকা বেশি পাওয়ার কথা। কিন্তু নতুন কাঠামোয় বেতন নির্ধারণের পর দেখা যাচ্ছে উল্টো চিত্র।
কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন কাঠামোয় বেতন নির্ধারণের পর ১১তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন হচ্ছে ৩৭ হাজার টাকা। অন্যদিকে, ১২তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন নির্ধারণ হচ্ছে ৩৭ হাজার ৭০০ টাকা। ফলে নিচের গ্রেডের কর্মচারী বেশি মূল বেতন পাচ্ছেন, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।
কর্মচারীদের অভিযোগ, নতুন কাঠামোয় বেতন নির্ধারণের পদ্ধতির কারণে গ্রেডভিত্তিক বেতনের স্বাভাবিক ক্রম ব্যাহত হচ্ছে। পর্যায়ক্রমে নতুন বেতনকাঠামোর সুবিধা পুরোপুরি কার্যকর হলেও কোনো কোনো গ্রেডে এ ব্যবধান থেকে যেতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189372