বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : এইচএসসি ও সমমান পরীক্ষায় বগুড়ার গাবতলী উপজেলায় চরম ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ ফেলের এই লজ্জাজনক চিত্রের পাশাপাশি আরও দুটি কলেজে পাস করেছেন মাত্র পাঁচজন শিক্ষার্থী। এমন হতাশাজনক ফলাফলে স্থানীয় শিক্ষাঙ্গন ও সচেতন অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার সোনারপাড়া ইউনিয়নের তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের সবাই ফেল করেছেন। অর্থাৎ কলেজটির পাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে। এছাড়া বাগবাড়ী মডেল মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছেন এবং দুর্গাহাটা কলেজ থেকে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র চারজন কৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমল হোসেন জানান, উপজেলার সার্বিক কলেজের ফলাফল ভালো হলেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এছাড়া দুর্গাহাটা কলেজ থেকে চারজন এবং বাগবাড়ী মডেল মহিলা কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189357