পাবনার চাটমোহরে আমন আবাদে বাম্পার ফলনের হাতছানি

পাবনার চাটমোহরে আমন আবাদে বাম্পার ফলনের হাতছানি

পাবনার চাটমোহরে আমন আবাদে বাম্পার ফলনের হাতছানি পাবনার চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবদ হয়েছে। বন্যার পানি আগেই নেমে যাওয়াতে নতুন করে কিছু জমি চাষের আওতায় এসেছে।

এতে গত বছরের তুলনায় ১৫ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং এখন পর্যন্ত রোগবালাইয়ের প্রকোপ উল্লেখযোগ্য না হওয়ায় ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২৭ মৌসুমে চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এ মৌসুমে ৪২ হাজার ৯১৮ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি দপ্তর জানায়, প্রতিবছর হান্ডিয়াল, নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের যেসব এলাকা এসময় পানিতে থাকত, সেসব এলাকার বড় একটি অংশ এবার চাষের আওতায় এসেছে। বন্যার পানি আগেই নেমে যাওয়ায় নতুন করে জমিতে আমন ধান রোপণ সম্ভব হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহে ধানকাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকেরা। নবান্নের প্রস্তুতি হিসেবে কেউ কাস্তেতে শান দিচ্ছেন, কেউ মাথাল প্রস্তুত করছেন, আবার কেউ ধানের গোলা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলনের আশায় তাদের মধ্যে আনন্দ দেখা গেছে।

উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, খলিশাগাড়ী বিলে তিনি ১৫ বিঘা জমিতে ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছেন তিনি। তবে ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য পেলেই লাভবান হবেন বলে মনে করেন এই কৃষক।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। সুষম সার প্রয়োগ ও লাইন-লোগো পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমছে এবং কৃষকেরা লাভবান হচ্ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189353