গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় মো. মজিবর রহমান মজি(৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. মজিবর রহমান মজি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। মামলার তদন্তে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজির সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পরে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের একতা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189323