বাংলা ফোক গানে পৃথিবী ভ্রমন করার স্বপ্ন জুঁইয়ের
বিনোদন ডেস্ক ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক গানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইসরাত জাহান জুঁই। সাধারনত শিল্পীরা স্টেজ শো’তেই বেশি ব্যস্ত থাকতে ভালোবাসেন। কিন্তু এই ক্ষেত্রে জুঁই একটু আলাদা। তিনি বছরজুড়ে স্টেজ শো’তে ব্যস্ত থাকার পাশাপাশি নিয়মিত নিজের মৌলিক গানও প্রকাশ করেন। তবে গান নিয়ে নিজের অনেক বড় এক স্বপ্নের কথা জানালেন জুঁই। জুঁই বলেন,‘ বিগত বেশ কয়েকবছর ধরে আমি দেশে বিদেশে অনেক স্টেজ শো করেছি। স্টেজ শোতে গান গেয়ে দেশে বিদেশে অনেক শ্রোতা দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি সত্যি বলতে গান নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখি। আর তা হলো বাংলা ফোক গানকে নিয়ে সারা পৃথিবী ভ্রমন করতে চাই আমি।
এরইমধ্যে নিজেদের মাটির গান, শেকড়ের গান অর্থাৎ ফোক গান নিয়ে কয়েকটি দেশে গিয়েছি আমি। কিন্তু আমি চাই আসলে সারা পৃথিবীর আনাচে কানাচে আমাদের দেশের ফোক গান পৌঁছে দিতে। ফোক গানে আমরা এতোটাই সমৃদ্ধ যে তা সারা পৃথিবীর গানপ্রেমী মানুষকে জানান দিতে ইচ্ছে করে। আমি আমার স্বপ্ন পূরণের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি বাকীটা আল্লাহ ভরসা। তবে আমার বিশ্বাস একটু একটু করে আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যাবো। জানি বাধা আসবে, কিন্তু আমি থেমে থাকতে চাই না।’
এরইমধ্যে জুঁইয়ের নিয়মিত ফেসবুক পেজ কয়েকবার হ্যাকড হয়ে যাবার পর আর ফিরে পাননি তিনি। কয়েকদিন আগেও তাই হয়েছে। অনেক কষ্টের পর তা উদ্ধার করা গেছে। আগামীর পথে এগিয়ে যাবার ক্ষেত্রে এগুলোও এক ধরনের বিরাট বাধা। জুুঁইয়ের জানা নেই কারা এসব করছেন নেপথ্যে থেকে। কিন্তু এটাও সত্যি তার জানা অজানা অনেক শত্রুও রয়েছে যারা তার ভালো চান না। কিন্তু জুঁই বিশ্বাস করেন তিনি একদিন তার গন্ত্যবে পৌঁছাবেনই।
এদিকে ঢাকার সঙ্গীত কলেজ থেকে মিউজিকে (বিষয় : লোক সঙ্গীত, চার বছরের কোর্স) অনার্স সম্পন্ন করেন ফার্স্ট ক্লাশ ফার্স্ট হওয়ার মধ্যদিয়ে। এরইমধ্যে তিনি একই কলেজ থেকে মাস্টার্স (এক বছরের কোর্স, বিষয় : লোক সঙ্গীত) সম্পন্ন করেছেন। দু’দিন আগেই জুঁইয়ের মাস্টার্সের ফল প্রকাশিত হয়েছে। মিউজিক কলেজের ভাষায় এটাকে বলা হয়ে থাকে এম মিউজিক। এম মিউজিকে ৪-এর মধ্যে জুঁই ৩.৭০ সিজিপিএ পেয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন অর্থাৎ ফলাফলে তিনি কলেজের সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন। ’
এরইমধ্যে জুুঁই জানান, কিছুদিন আগেই তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’তে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘মনের ভেতর থাইকো তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন এবি বাবু।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189309