ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. ইসমাইল (২৮) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতি ইসমাইলের বাবার নাম মো. নাস্তার আলী। তার হাজতি নং ১৫৭/২৬। তবে কি মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী রফিকুল ইসলাম জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি ইসমাইল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি ইসমাইলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।