আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের আশুগঞ্জ বাজারে স্থানীয় আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চার বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে বিষয়টি মীমাংসা হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছেন তারা। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189280