হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা

হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ২৭ ভারতীয় নাবিকসহ পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে লিম্পেট মাইন হামলা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। রয়টার্সের বরাতে জানা গেছে, এমটি লুইস-১ নামের ট্যাংকারটিকে লক্ষ্য করে একটি ছোট নৌযান জাহাজের খোলে দুটি লিম্পেট মাইন লাগিয়ে দেয়।

পরবর্তী বিস্ফোরণে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং জাহাজটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। তবে নাবিকেরা আগুন নেভাতে সক্ষম হন। পরিবেশের কোনও ক্ষতি হয়নি এবং ট্যাংকারটি যাত্রা অব্যাহত রাখে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর কৌশলগত এ জলপথে লিম্পেট মাইনের এটিই প্রথম সফল ব্যবহার। ব্রিটিশ নৌ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের খাসাব থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটনাটি ঘটেছে। রয়টার্স জানায়, এ অঞ্চলে ২০১৭ সালে প্রথম লিম্পেট মাইন ব্যবহার করা হয়। পরবর্তী বছরগুলোয় হরমুজ প্রণালিতে ট্যাংকারের বিরুদ্ধেও তা ব্যবহৃত হয়েছে।

গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা মারিস্কস বলেছে, লিম্পেট মাইন সস্তা ও সহজলভ্য। তারা রয়টার্সকে জানায়, চলমান জাহাজের খোলে ছোট নৌযান থেকে এসব মাইন লাগানোর পদ্ধতি সস্তা, কম প্রযুক্তির এবং অত্যন্ত কার্যকর। একদিন আগে লাইবেরিয়ার পতাকাবাহী অতিকায় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার (ভিএলসিসি) এমটি আরজানাহ প্রণালিতে প্রজেক্টাইল হামলার শিকার হয়। জাহাজটিতে দুজন ভারতীয় নাগরিক ছিলেন।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতা শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলা চলছে। এ ঘটনা তারই ধারাবাহিকতা। ইরান চলাচলের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। এর উদ্দেশ্য প্রণালির ওপর নিয়ন্ত্রণ দেখানো এবং ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক বিবৃতিতে জানান, নাবিকেরা নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। এক্স-এ তিনি বলেন, আমরা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছি এবং নাবিকদের চলমান নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করছি। সূত্র : এনডিটিভি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189267