সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে হুথির ড্রোন হামলা

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে হুথির ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। তবে ড্রোনটি শনাক্ত করে তা ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার ভোরে সৌদি জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠী এবং দেশটির পশ্চিমা স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত সম্প্রতি আরও তীব্র হয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ সংঘাত নতুন মাত্রা পেয়েছে। 

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত এ অঞ্চলে অবস্থিত। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর সদর দপ্তরও এখানে অবস্থিত। চলতি অক্টোবরের শুরুর দিকে এক হামলায় প্রতিষ্ঠানটির সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, পরে হুথিদের উৎক্ষেপণ করা আরেকটি ড্রোন দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে শুক্রবার মদিনা অঞ্চলের আকাশেও হুথিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছিল জোট। তবে শুক্রবারের ওই হামলার কথা অস্বীকার করেছে ইরানপন্থি হুথিরা। সূত্র : রয়টার্স

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189260