হাকিমির হ্যাটট্রিকে এনরিকের ইতিহাস

হাকিমির হ্যাটট্রিকে এনরিকের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। আন্তর্জাতিক ও ক্লাব দুই ক্যারিয়ারেই প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আশরাফ হাকিমি। তিন গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেনও তিনি পিএসজির জার্সিতে। আর তার একক নৈপুণ্যেই লিগ ওয়ানের তলানির দলকে পিএসজি হারিয়েছে লে হাভরেকে ৫-১ ব্যবধানে। হাকিমির এই পারফরম্যান্সে রেকর্ড গড়েছেন কোচ লুইস এনরিকেও। তিনিই এখন পিএসজির ইতিহাসের সর্বাধিক ম্যাচজয়ী কোচ। 

গতকাল শুক্রবার পাঁচ গোলেই অবদান রেখে রেকর্ড গড়েছেন হাকিমি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচটি গোলে অবদান রাখা চতুর্থ খেলোয়াড় তিনি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন নেইমার। ২০২২ সালের আগস্টে পিএসজির হয়েই এই কৃতিত্ব দেখান ব্রাজিলিয়ান তারকা। 

ম্যাচের শুরুতে অবশ্য বড় ধাক্কা খেয়েছিল বর্তমান ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়নরা। ১৮ মিনিটে স্বাগতিক লে আভরকে এগিয়ে দেন সান্ডারল্যান্ড ও ওয়েস্ট ব্রমউইচের সাবেক ফরোয়ার্ড জশ মাজা। তবে দ্রুতই ম্যাচে ফেরে পিএসজি। হাকিমির অ্যাসিস্টে সমতা ফেরান মিকা গডটস। এর দুই মিনিট পর নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর অধিনায়ক। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান তিনি। ম্যাচের ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। তবে গোলটি আসে কিছুটা সৌভাগ্যক্রমে। এর আগে তার বাড়ানো থ্রু বল থেকে পিএসজির চতুর্থ গোলটি করেন সেনি মায়ুলু। 

ম্যাচের আগে চলতি মৌসুমে কোনো গোল ছিল না হাকিমির। ২৭ বছর বয়সী এই ফুটবলারের ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৮৬তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি।সব প্রতিযোগিতা মিলিয়ে এটি পিএসজির টানা নবম জয়। লিগে টানা ষষ্ঠ জয়ও এটি তাদের। অথচ মৌসুমের প্রথম তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছিল দলটি। চোটের কারণে গুরুত্বপূর্ণ দুই আক্রমণভাগের খেলোয়াড় উসমান দেম্বেলে ও খভিচা কাভারৎসখেলিয়া না থাকায় লিওঁর বিপক্ষে সোমবারের ২-০ গোলের জয়ের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন এনরিকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189253