এইচএসসি’র ফলাফলে ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছে, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189248