দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩শ’ টাকা। উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
একই সাথে এ চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189227