পাবনার বেড়া পৌরসভায় পাঁচ ওয়ার্ডে পণ্য দিচ্ছেন এক ডিলার

পাবনার বেড়া পৌরসভায় পাঁচ ওয়ার্ডে পণ্য দিচ্ছেন এক ডিলার

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে গিয়ে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কার্ডধারীদের। সকাল ৮টায় লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টা পর্যন্ত অনেককে পণ্য পাওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে। একই ডিলারের মাধ্যমে পৌর এলাকার পাঁচটি ওয়ার্ডের ১ হাজার ৮শ’ কার্ডধারীর মধ্যে পণ্য বিতরণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে বেড়া পৌর এলাকার ফকির প্লাজার সামনে গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য নিতে কার্ডধারীদের দীর্ঘ লাইন। সেখানে পৌরসভার ৬, ৭ ও ১০ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। সকাল থেকেই নারী-পুরুষ বিভিন্ন বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। বেলা বাড়ার সাথে অপেক্ষার সময় দীর্ঘ হওয়ায় তাদের অনেকে ভোগান্তিতে পড়েন।

লাইনে দাঁড়িয়ে থাকা পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বাসিন্দা আলেয়া খাতুন (৫৫) সকাল ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত তিনি টিসিবির পণ্য পাননি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষা করেও পণ্য না পাওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় কার্ডধারীদের অভিযোগ, পাঁচটি ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষের জন্য একই ডিলারের মাধ্যমে পণ্য বিতরণ করায় একসাথে অনেক মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে পণ্য সংগ্রহ করতে তাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। কার্ডধারীদের ভোগান্তি কমাতে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ এবং অপেক্ষার সময় কমানোর ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

টিসিবির ডিলার হৃদয় কুমার কুন্ডু বলেন, পৌরসভার ৬, ৭ ও ১০ নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। নির্ধারিত ওয়ার্ডগুলোর বিপুলসংখ্যক কার্ডধারী একসাথে পণ্য নিতে আসায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

এছাড়া প্রতিটি কার্ড মোবাইলের মাধ্যমে স্ক্যান করে যাচাই করে পণ্য দিতে হয়। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগায় পণ্য বিতরণে বিলম্ব হচ্ছে। কার্ডধারীদের চাপ বেশি থাকায় সবাইকে দ্রুত পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189216