নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ দখলের ৬ ঘণ্টায় উদ্ধার করলেন ইউএনও
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ঐতিহ্যবাহী ‘গাছবাড়ি’ খেলার মাঠ দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঠে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করে দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মাত্র ছয় ঘণ্টার মধ্যে রাত ৮টায় মাঠটি দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান।
স্থানীয়দের অভিযোগ, নুর আলম, মনিরুজ্জামান, তহিদুল ইসলাম ভুট্টু ও মহুবর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীর সহযোগিতায় ৪০-৫০ জনের একটি দল মাঠে চারা রোপণ করে জবর দখল করে নেন। তবে অভিযোগ অস্বীকার না করে জমির মালিকানা নিয়ে ভিন্ন দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
তার দাবি, জমিটি বিদ্যালয়ের নয়, বিএস রেকর্ডে জেলা পরিষদের নামে রয়েছে। গরু-ছাগলের চারণভূমি হিসেবে ব্যবহৃত হওয়ায় সেখানে চারা রোপণ করা হয়েছে। গাছ লাগানোর ঘটনার সময় তিনি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরিফ উল ইসলাম লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
প্রধান শিক্ষক কামিনী কুমার রায় জানান, ‘বিদ্যালয়ের মাঠে গাছ লাগিয়ে দখলের বিষয়টি লিখিতভাবে ইউএনও স্যারকে জানানোর পর তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189208