যুবলীগের মিছিলের সময় পিকআপে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পুলিশ পিকআপের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা মিছিলে করেছে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন-যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।পুলিশ সুপার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। গত বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা।
এদিকে মিছিলের পর গত বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী(৩৩)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189202