বগুড়ার শেরপুরে গাঁজা ও ইয়াবা সহ মাদককারবারি গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদককারবারি নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তি উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের শামছুল ইসলাম শেখের ছেলে।
শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দুবলাগাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করে তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়। অপরদিকে বৃহষ্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই খোকনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কসুম্বী ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের পানির সেচ পাম্পের ঘরে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নন্দিগ্রাম উপজেলার চকরামপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে সিদ্দিক (৬০) ও মুরাদপুর গ্রামের শ্রীমনের ছেলে সুব্রত (২৫) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরামুল হোসাইন বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189186