আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল ও বিস্তারিত মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীদের জন্য অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ উন্মুক্ত করা হবে।
এর আগে গত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ জানানো হয়েছিল। পরবর্তী সময়ে ২৬ অক্টোবর এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণে ফল প্রকাশের অনুমোদন ও আনুষ্ঠানিক ছাড়পত্র গ্রহণে বিলম্ব, সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তনসহ কয়েকটি প্রশাসনিক জটিলতার কারণে ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189163