মুক্তির অনুমতি পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’
চলচ্চিত্র দুনিয়ায় এখন বিশ্বজুড়েই চলছে প্রযুক্তির জয়জয়কার। সেই জোয়ারে গা ভাসিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করে একে কোনো রকম কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছে।
এআই-পাওয়ার্ড চলচ্চিত্র ‘গ্যাপ’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিনেমাটি নিয়ে পরিচালক বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। আমরা যখন সম্পূর্ণ এআই-পাওয়ার্ড (কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত) একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই, তখন অনেকেই বিষয়টিকে অসম্ভব ভেবেছিলেন।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন যুগের সূচনা করবে এবং তরুণ নির্মাতাদের নতুন প্রযুক্তির ব্যবহারে আরও সাহসী করে তুলবে। খুব দ্রুতই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। আশা করি দর্শকরা থিয়েটারে এসে নতুন এই অভিজ্ঞতাকে স্বাগত জানাবেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের চিত্রনাট্য, চরিত্র তৈরি, অ্যানিমেশন, আবহসংগীত থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টসের একটি বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।
‘গ্যাপ’ প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
প্রযুক্তি ও চলচ্চিত্র নির্মাণের সমন্বয়ে নির্মিত ‘গ্যাপ’ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এআই নির্ভর নির্মাণপ্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।