নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০

নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের মধ্যে ২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার( ৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০ জনকে আটক করা হয়।

থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জ থানায় ১০ জন, কবিরহাট থানায় ৫ জন, সেনবাগ থানায় ৩ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ৩ জন, চরজব্বর থানায় ৩ জন এবং হাতিয়া থানায় ৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে হাতিয়া থানার দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বাকি ২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189153