অস্ত্র পরিবহনের প্রতিবাদে ২২ দেশের ১১৩ বন্দরে ধর্মঘট
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের বিরুদ্ধে ও অস্ত্র রপ্তানিতে বন্দর ব্যবহার বন্ধের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘটের ডাক দিয়েছেন বন্দরশ্রমিকেরা।
আয়োজকদের দাবি, এ কর্মসূচির কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ৪০ শতাংশের বেশি পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। আটকে পড়তে পারে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য।প্রথমে ইতালি, ফ্রান্স, গ্রিস, স্পেনের বাস্ক অঞ্চল, তুরস্ক ও মরক্কোর বন্দরশ্রমিক ইউনিয়নগুলো এ ধর্মঘটের ডাক দেয়। পরে ১১৩টি বন্দরের ২৫টির বেশি শ্রমিক সংগঠন এতে সমর্থন জানায়।ইউরোপের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরেও এ কর্মসূচির প্রভাব পড়তে পারে। এর মধ্যে রয়েছে জার্মানির হামবুর্গ, স্পেনের ভ্যালেন্সিয়া ও আলজেসিরাস, ফ্রান্সের লে আভর, গ্রিসের পিরেয়াস, ইতালির জেনোয়া, মরক্কোর ট্যাঞ্জিয়ার মেড এবং ভারতের নাভা শেভা বন্দর।তবে কতসংখ্যক শ্রমিক ধর্মঘটে অংশ নেবেন এবং পণ্য পরিবহনে কতটা বিঘ্ন ঘটবে, তা এখনো স্পষ্ট নয়। ইতালির জেনোয়া বন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে ধর্মঘটের প্রভাব সীমিত থাকতে পারে। অন্যদিকে গ্রিসের পিরেয়াস বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিক দ্বীপগুলোতে ফেরি চলাচল ব্যাহত হতে পারে।ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে জার্মানির ভেরডি, আয়ারল্যান্ডের বৃহত্তম শ্রমিক সংগঠন এসআইপিটিইউ, ডেনমার্কের থ্রিএফ এবং ফ্রান্সের সিজিটি পোর্টস এ ডকস।
ইউরোপের বাইরে ভারতেও প্রায় এক ডজন বন্দরে কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা। দেশটির ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়াও (ডব্লিউটিডব্লিউএফআই) কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189144