রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার আভাস

রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার আভাস

দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে বলে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিগগিরই দেশের বেশ কয়েকটি জেলায় রাতে শীতের আগমনি বার্তা প্রকাশ পাবে। বর্তমানে ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি ও অধিক জলীয়বাষ্পের কারণে ভ্যাপসা গরম অনুভব হলেও আগামী কয়েকদিনের মধ্যে সিস্টেমের প্রভাব চলে গেলে ও বাতাসের প্যাটার্ন পরিবর্তন হয়ে তাপমাত্রা কমে আসতে পারে।

বার্তায় বলা হয়, আগামী ৬/৭ নভেম্বরের পর থেকে উত্তরাঞ্চলসহ সারা দেশেই রাতের তাপমাত্রা অনেকটা কমে আসতে পারে। অনেক জেলায় রাতের তাপমাত্রা ১৮-২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। তবে উত্তরাঞ্চলে কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩০-৩৩ ডিগ্রি সেলসিয়াস ও উত্তরাঞ্চলে ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে দিনে বাতাসে জলীয়বাষ্প কমে আসায় ভ্যাপসা গরম অনেকটা কমে আসতে পারে।

বার্তায় আরও বলা হয়, আগামী ৬/৭ নভেম্বরের মধ্যে সাগরে কোনো সিস্টেম তৈরি হলে কিংবা কোনো পশ্চিমা লঘুচাপ এলে তখন পরিস্থিতি বিবেচনায় আপডেট কিছুটা পরিবর্তন হতে পারে।

তবে কেমন হবে এবারের শীতকাল, শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189137