পাবনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২, হাটের ইজারা নিয়ে বিরোধ
পাবনা প্রতিনিধি : পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী(৫৫) ও তার সহযোগী রিপন হোসেন(৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন।
এসময় প্রতিপক্ষের কয়েকজন মুখোশ পরিহিত ব্যক্তি তাদের উপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রাথমিক তথ্য মতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189127