পঞ্চগড়ের বৃদ্ধা আখিমনের পাশে তরুণ সমাজকর্মী আহসান
পঞ্চগড় প্রতিনিধি: স্বামী অছিম উদ্দিন মারা যাওয়ার পর মানুষের বাড়িতে ও ক্ষেত খামারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়ার বৃদ্ধা আখিমন বেওয়া। একমাত্র মেয়ে রেজিয়া খাতুন ১২ বছর বয়সে ডায়রিয়ায় মারা যাওয়ার পর কঠোর পরিশ্রম করে কোনোমতে চলত তার দিন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কমেছে কর্মক্ষমতা।
পায়ের হাড় ফেটে যাওয়ায় এখন স্বাভাবিক চলাফেরাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে। ফলে আয় রোজগারের পথও প্রায় বন্ধ। মালিপাড়ায় অন্যের জমিতে ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করেন তিনি। ঘরটি তুলে দিয়েছেন বৃদ্ধার ভাগনে ওয়ালিউল্লাহ। প্রতিবেশীরাও সাধ্যমতো সহযোগিতা করেছেন। তবু নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাসহ প্রতিদিনের জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে এই বৃদ্ধাকে।
এমন পরিস্থিতিতে আখিমন বেওয়ার কুঁড়েঘরে দুই মাসের বাজারসামগ্রী নিয়ে হাজির হন তরুণ সমাজকর্মী এড. আহসান হাবিব সরকার। তার হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আটা, তেল, লবণ, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
আখিমন বেওয়া বলেন, আমার কেউ নেই। স্বামী নেই, সন্তান নেই। আগে মানুষের বাসা-বাড়ি, ক্ষেত-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন বয়স হয়েছে, পায়ের হাড় ফেটে গেছে তাই কাজ করতে পারি না। এই সংকটের সময়ে পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ।
তরুণ সমাজকর্মী এড. আহসান হাবিব সরকার বলেন, সমাজের অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। সাধ্যমতো কিছু মানুষের পাশে দঁড়ানোর চেষ্টা করছি। সবাই এগিয়ে এলে এই অসহায় মানুষদের কষ্টের বোঝাটা কিছুটা হালকা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189125