গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন(৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন মিয়া(৬০), মৃত লছম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম(৫০) ও মঞ্জু মিয়া(৪০), শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম(২৮), নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম(২৮), মো. মোকছেদুল ইসলাম(১৮) ও আবিল হোসেন(১৮), আব্দুল জব্বারের ছেলে মিন্টু মিয়া(৩৫) ও মো. লিটন মিয়া(৩৫), আব্দুল জব্বারের স্ত্রী মোছা. নিরফুল(৪০), লিটন মিয়ার স্ত্রী কল্পনা বেগম(২৫), শাহাবুদ্দিনের স্ত্রী নুর ভানু(৪৫), মঞ্জু মিয়ার স্ত্রী শিল্পী বেগম(৩৫), রেজাউল করিমের স্ত্রী মোছা. খোরশেদা বেগম(২৬), রাশেদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম(১৯) এবং মো. নাজমুল হোসেনের স্ত্রী শাবানা খাতুন(২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে জমি নিয়ে মকবুল হোসেনের সাথে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ হলেও বিরোধের মীমাংসা হয়নি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেন। এসময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189120