ডেঙ্গুর ঊর্ধ্বমূখী সংক্রমণেও দিনাজপুরের ঘোড়াঘাটে চিকিৎসাধীনদের মশারি ব্যবহারে অনীহা

ডেঙ্গুর ঊর্ধ্বমূখী সংক্রমণেও দিনাজপুরের ঘোড়াঘাটে চিকিৎসাধীনদের মশারি ব্যবহারে অনীহা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হলেও তাদের মধ্যে কয়েকজনের মশারি ব্যবহারে অনীহার অভিযোগ উঠেছে।

চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে মশারি ছাড়াই ঘুমানোর ফলে আক্রান্তদের পাশাপাশি অন্যদেরও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত জুন থেকে এ পর্যন্ত উপজেলায় মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জুনে ১ জন, জুলাইয়ে ২ জন, আগস্টে ১৩ জন, সেপ্টেম্বরে ৪৫ জন এবং চলতি অক্টোবর মাসে ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

এর মধ্যে গত ২৮ অক্টোবর নতুন করে ৫ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে দায়িত্ব পালনকারী নার্সরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে অনেকেই মশারি সরিয়ে ঘুমান। বারবার পরামর্শ দেওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ নির্দেশনা মেনে চলছেন না। এতে মশার কামড়ের ঝুঁকি থেকে যাচ্ছে এবং ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধের উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিয়াঙ্ক কুন্ডু রুপম বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতরে থাকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আশপাশে মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189118