বগুড়ায় তিন মাদককারবারির ১৫ ও ১০ বছর মেয়াদি সশ্রম কারাদন্ড ও জরিমানা

বগুড়ায় তিন মাদককারবারির ১৫ ও ১০ বছর মেয়াদি সশ্রম কারাদন্ড ও জরিমানা

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত অভিযুক্ত তিন আসামিকে মেয়াদি কারাদন্ড এবং জরিমানা, অনাদায়ে আরো করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এই মামলার অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নাহওয়ায় তাকে খালাস দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বগুড়ার মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান এই মামলার রায় দেন।

রায়ে শাজাহানপুর উপজেলার চক চোপীনগর পাইকার পাড়ার আব্দুর রহমানের ছেলে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামি জনি আহম্মেদকে (২৭) ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড, চক চোপীনগর দক্ষিণ পাড়ার মোখলেছার রহমানের ছেলে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামি সাব্বির আহমেদ নাঈমকে (২৬) ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের সশ্রম কারাদন্ড এবং একই গ্রামের তজমল ওরফে ম্যাইলার ছেলে ৬০ বোতল ফেন্সিসিডিলসহ গ্রেফতারকৃত আসামি আল আমিনকে (২৬) ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, বগুড়া ডিবি পুলিশের তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ডিবি পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের দেবাশিষের চালকলের কাছে নওগাঁ বগুড়া সড়কে গত ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সাজাপ্রাপ্ত ওই তিন আসামি মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাবার সময় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে থামায়।

পরে ডিবি পুলিশ দল ওই আসামিদের কাছে থাকা স্কুল ব্যাগের মধ্যে রাখা উল্লেখিত ফেন্সিডিল উদ্ধারসহ জব্দ করেন এবং ওই তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে আদমদীঘি থানায় সোপর্দ করে এ ব্যাপারে ডিবি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এফইএম আসাদুজ্জামা মাখন এবং আসামি পক্ষে এড. লিয়াকত আলী সরদার, এড. আতিয়া সুলতানা ও এড. তানজিলা খাতুন উপমা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189107