বগুড়ার ধুনটে সাংবাদিকতায় সম্মাননা পেলেন করতোয়ার রফিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি : সাংবাদিক রফিকুল আলমকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে ঐতিহ্যবাহী মনন সাহিত্য সংগঠন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় নিষ্ঠা, দৃঢ়সংকল্প ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর তার হাতে সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। দৈনিক করতোয়া’র ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন রফিকুল আলম।
সংবাদপত্রের পাতায় স্থানীয় মানুষের জীবনসংগ্রাম, জনদুর্ভোগ, অধিকার ও সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি অর্জন করেছেন পরিচিতি। তার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, মানুষের পাশে দাঁড়ানোর এক সামাজিক অঙ্গীকার। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও রয়েছে তার অবদান। ১৯৯২ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় কবিতাপত্র ‘রক্তাক্ত হৃদপিণ্ড’।
বর্তমানে তিনি ‘মানাস মিডিয়া ডটকম’ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক। এই গণমাধ্যমটির মাধ্যমে স্থানীয় জনজীবনের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরছেন তিনি। পাশাপাশি ধুনট প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৬৭ সালে ধুনট উপজেলার শ্যামগাঁতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিকুল আলম।
তার বাবা প্রয়াত আজাহার আলী সেখ এবং মা প্রয়াত সুফিয়া খাতুন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি। মনন সাহিত্য সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান আরজু জানান, দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। রফিকুল আলম বলেন, সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি দায়িত্ব। এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189092