দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার রেলস্টেশনের পশ্চিমে রেল ব্রিজের সন্নিকটে ঘটেছে। প্রত্যক্ষদর্শীগণ জানান, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের চাপইল মাহাদানি এলাকার সুবল মার্ডি (৭৫) রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।
এসময় দিনাজপুর থেকে রংপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সকলে জানিয়েছেন তিনি কানে কম শুনতে পেতেন।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই রায়হান আলী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189086