কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বন্যা আক্তার

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বন্যা আক্তার

ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (লেগ-২) স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার বন্যা আক্তার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তিনি।

স্বর্ণপদক নির্ধারণী ফাইনালের লড়াইটি ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। প্রথম এন্ডে বাংলাদেশ ও কাজাখস্তানের দুই আর্চারই ২৮ পয়েন্ট করে অর্জন করেন।

দ্বিতীয় এন্ডে বন্যা ২৯ পয়েন্ট এবং মিলানা ২৮ পয়েন্ট পেলে ১ পয়েন্টের গুরুত্বপূর্ণ লিড নেন বাংলাদেশের বন্যা। তৃতীয় ও চতুর্থ এন্ডে উভয় আর্চারই সমান ২৯ পয়েন্ট করে পাওয়ায় বন্যা তাঁর লিড ধরে রাখেন।

চতুর্থ এন্ড শেষে বন্যার স্কোর দাঁড়ায় ১১৫ এবং মিলানার ১১৪। পঞ্চম ও শেষ এন্ডে নিজের স্নায়ুচাপ দারুণভাবে নিয়ন্ত্রণ করে নিখুঁত লক্ষ্যভেদ করেন বন্যা আক্তার।

তিনটি শটেই ১০ পয়েন্ট করে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নেন তিনি। অন্যদিকে, মিলানা বুরলেভা শেষ এন্ডে পান ২৯ পয়েন্ট। ফলে শেষ পর্যন্ত ১৪৫-১৪৩ স্কোরের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজের করে নেন বাংলাদেশের এই আর্চার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189080