কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু একই গ্রামের নবীচাঁনের ছেলে নাঈম(৫) ও সুরুজ মিয়ার ছেলে আব্দুল্যাহ(৫)। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো জ্যোঠাতো ভাই। শিশু দুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাকে খুঁজতে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীর কাছে যায় দুই শিশু। পরে শিশু দু’টি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পানিতে শিশু দুটিকে অচেতন অবস্থায় ভাসতে দেখে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, শিশু দু’টির মৃত্যুর ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189069