ইলন মাস্কের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের শীর্ষ কর্তা ইলন মাস্ককে অনন্য মেধার অধিকারী বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপনে মাস্কের অসামান্য সাফল্যের কথা উল্লেখ করে এই প্রশংসা করেন রুশ সরকার প্রধান। এই মন্তব্যটি এমন এক সময়ে সামনে এলো যখন রাশিয়া তাদের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবারে মস্কোয় আয়োজিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি প্রদর্শনী পরিদর্শনের সময় পুতিন ইলন মাস্কের এই দূরদর্শী মহাকাশ উদ্যোগ নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ইলন মাস্ক একজন জিনিয়াস, সত্যিই একজন জিনিয়াস। কক্ষপথে মার্কিন এই উদ্যোক্তার প্রভাবের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, কক্ষপথে তার কতগুলো ইউনিট রয়েছে...? পাঁচ হাজারের বেশি। আর আমরা কেবল আমাদের প্রথম পদক্ষেপগুলো নিচ্ছি।
মহাকাশে উভয় দেশের কৌশলগত অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে পুতিন সুস্পষ্টভাবে বলেন, আমরা আমাদের আমেরিকান অংশীদারদের সাথে খুব নিবিড় যোগাযোগ রক্ষা করছি, যার মধ্যে মিস্টার মাস্কও রয়েছেন। কারণ কক্ষপথে যেন কেউ কারও কাজে ব্যাঘাত না ঘটায় বা একে অপরের পরিপন্থী না হয়, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এদিকে বিশ্বজুড়ে রকেট উৎক্ষেপণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অন্যতম বড় অংশীদার হিসেবে কাজ করছে ইলন মাস্কের স্পেসএক্স। পাশাপাশি বিশ্বব্যাপী যোগাযোগের জন্য তারা স্টারলিঙ্ক নেটওয়ার্ক পরিচালনা করে আসছে। রাশিয়াও দীর্ঘদিন ধরে একটি অন্যতম প্রধান মহাকাশচারী শক্তি হিসেবে সামরিক ও বেসামরিক; উভয় ব্যবহারের লক্ষ্য নিয়ে নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে।
সূত্র: গালফ নিউজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189053