মৌলভীবাজারে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা নামের এক নারীকে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচ জনকে খালাস দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
২০১৬ সালে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকায় শাবানা নামের এক নারীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। তাদের মধ্যে তিন আসামির স্বাভাবিক মৃত্যু হয়। বাকি আসামিদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড, দুজনের বিভিন্ন মেয়াদে সাজা এবং পাঁচ জনের খালাসের আদেশ দিয়েছেন আদালত।
১০ বছর ধরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্কের পর আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তুোষ প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, জমিজমা ও ঘরের পাশে ড্রেন দিয়ে পানি যাওয়া নিয়ে কথা-কাটাকাটির সময় শাবানাকে হত্যা করা হয়। এঘটনায় মামলা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189039