উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ১৪ জন উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হওয়া ১৫ জন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ প্রচেষ্টায় সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলার পর ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে সাগরের স্রোতে তারা ভেসে যেতে থাকেন।
পরে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ থাকে। তার সন্ধানে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189037